গোবিন্দগঞ্জে শহীদ মিনারে হামলার পরিকল্পনা, ককটেলসহ দুইজন আটক

নিউজ ডেস্ক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার রাত ১২টায় ককটেল ও ছুরিসহ দুজনকে আটক করা হয়েছে। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার গরুহাটি থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন গোবিন্দগঞ্জের শ্রীমুখ গ্রামের সাহাবুল ইসলাম ও বার টিকরি গ্রামের মিলন মিয়া।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, কড়া নিরাপত্তার মধ্যে প্রথম প্রহরে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও পৌর মেয়র আতাউর রহমান সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

এ সময় শহীদ মিনারের পাশে একটি রিকশাভ্যানে বসে ছিলেন সাহাবুল ও মিলন। তাদের আচরণে সন্দেহ হয় সেখানে সাদাপোশাকে থাকা দুই পুলিশ কর্মকর্তার। পরে তাদের তল্লাশি করে তিনটি তাজা ককটেল ও একটি ছুরি উদ্ধার করা হয়। ককটেল দুটি নিষ্ক্রিয় করে তাদের পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

ওসি আরো জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই ব্যক্তি শহীদ মিনারে উপস্থিত মানুষদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিলেন। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply