
নিউজ ডেস্ক:
গাইবান্ধার পলাশবাড়ীতে বায়োগ্যাস প্ল্যান্ট থেকে শাওন হাসান নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার বরিশাল ইউপির ভগবানপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাওন ওই গ্রামের সাবু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কোমরবাজারে মুদি ব্যবসা করতেন।
পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, সোমবার রাতে নিখোঁজ হন শাওন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে মঙ্গলবার সকালে ভগবানপুর-কোমরপুর বাজার এলাকায় বায়োগ্যাস প্ল্যান্টের পাশে রক্তের দাগ দেখতে পান তারা। একটু সামনে গেলে প্ল্যান্টের ভেতর শাওনের মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরো জানান, দুর্বৃত্তরা শাওনকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ বায়োগ্যাস প্ল্যান্টে ডুবিয়ে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।