সেতু আছে সড়ক নেই

নিউজ ডেস্ক:

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বালিয়ারছড়ায় তিন বছর আগে সেতু নির্মিত হলেও সংযোগ সড়ক করা হয়নি। এতে চলাচল করতে পারছে না যানবাহন। কর্তৃপক্ষের এমন অবহেলার প্রতিবাদে এবং অবিলম্বে সেতুর সংযোগ সড়ক নির্মাণের দাবিতে বুধবার দুপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী।

এদিন বেলা ১১টায় ব্রিজ সংলগ্ন এলাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গিদারী শাখার ডাকে মানববন্ধনে অংশ নেন শত শত মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল মাস্টার, জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য তপন কুমার বর্মণ, কৃষক নেতা জাহাঙ্গীর আলম মণ্ডল, সিপিবি কাউন্সিলবাজার শাখার সম্পাদক মিজানুর রহমান মিজান, এলাকাবাসীর মধ্যে ইয়াকুব আলী, সাদা মিয়া, শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, তিন বছর আগে সেতুটি নির্মিত হলেও কী কারণে সংযোগ সড়ক হচ্ছে না তা বোধগম্য নয়। কোটি কোটি টাকা খরচ করে সেতু নির্মাণ করা হয়েছে, অথচ সেই সেতু দিয়ে মানুষ চলাচল করতে পারছেন না। অবিলম্বে সংযোগ সড়ক নির্মাণ করা না হলে আরো কঠোর আন্দোলন ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply