
নিউজ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তীব্র ঠাণ্ডায় আগুন পোহাতে গিয়ে রজিমা বেওয়া (৭০) নামে এক বৃদ্ধা ও হালিমা খাতুন (৫৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধা উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী ও নিহত গৃহবধূ পৌরশহরের মিত্রবাটি মহল্লার ইব্রাহীম আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে শীত নিবারণের জন্য বিছানার নিচে মাটির পাতিলে কাঠের আগুন রেখে ঘুমিয়েছিলেন বৃদ্ধা। এ সময় অসাবধানতাবশত মশারিতে আগুন লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরেই পুড়ে বৃদ্ধার মৃত্যু হয়। এছাড়া মঙ্গলবার হালিমা নিজ বাড়িতে আগুন পোহানোর সময় তার অজান্তে পরনের কাপড়ে আগুন লেগে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় মারা যান।
সূত্র: ইত্তেফাক অনলাইন।