নারী বিচারককে জুতা নিক্ষেপ করলেন আসামি!

নিউজ ডেস্ক:

ঠাকুরগাঁওয়ে আদালতে বিচার কার্যক্রম চলাকালীন সময়ে মোটরসাইকেল চুরির মামলায় জামিন না দেওয়ায় এক নারী বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে মেহেদি হাসান (৩০) নামের এক আসামি। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এর এজলাসে এ ঘটনা ঘটে। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামি মেহেদী হাসান বাবু (৩০) শহরের ফকিরপাড়া এলাকার বাসিন্দা।

আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জানান, দুপুরে এজলাসে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. মারজিয়া খাতুনকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে বাবু। যদিও জুতা বিচারক পর্যন্ত পৌঁছায়নি। মোটরসাইকেল চুরির মামলার আসামি মেহেদী একটি উচ্ছৃখল ছেলে। তার নামে একাধিক মামলা রয়েছে। আদালতের প্রতি অসম্মান প্রদর্শনসহ বড় ধরণের অপরাধ সংঘটিত করেছে সে।

তিনি আরও বলেন, জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এমন জঘন্য ঘটনার নিন্দা জানাচ্ছি। সেই সাথে আগামীকাল বুধবার জেলা আওয়ামী আইনজীবী সমিতি এমন ঘটনার নিন্দা এবং আসামি মেহেদী বাবুর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জরুরী সভা ডাকা হয়েছেেই

সূত্র: ইত্তেফাক অনলাইন।