দিনাজপুরে মাইক্রোবাসসহ চার ডাকাত আটক

অনলাইন ডেস্ক:

দিনাজপুর শহরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ডাকাতদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় একটি মাইক্রোবাসসহ চার ডাকাতকে আটক করা হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন, দিনাজপুর কোতয়ালী থানার এএসআই মো. কামাল হোসেন, কনষ্টেবল মো. হৃদয় খান, সুজন রায় ও হারুন। তাদেরকে দিনাজপুর পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, মাইক্রোবাসের সামনে জরুরী খাদ্য সরবরাহ লেখাযুক্ত ষ্টিকার ব্যবহার করে বিভিন্ন সড়কে ডাকাতি করতো সংঘবদ্ধ ওই চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বড় ইলমিরাজপাড়ায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ওই চার ডাকাতকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩ ফুট লম্বা ২টি হাসুয়া, ১টি স্টিলের টিপ চাকু, ১টি ৩২ ইঞ্চি লম্বা লোহার পাইপ উদ্ধার করা হয়।

আটকরা হলেন- সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউপির বড়ইল গ্রামের কছিম উদ্দীনের ছেলে মো. আবু মুসা, বড়ইল বিহারী পাড়ার আব্দুল জলিলের ছেলে মো. মাহবুব আলী শেখ, আবুল কাশেমের ছেলে রাশেদ শেখ, মো. দাউদ রহমানের ছেলে মো. রাকিব হোসেন।

শুক্রবার দুপুর ২টায় এ তথ্য জানান কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন।

তিনি আরো জানান, উপ-পরিদর্শক রুস্তম আলী বাদি হয়ে ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে ।

সূত্র: ডেইলী বাংলাদেশ।