
নিউজ ডেস্ক:
রংপুরে জমির বিরোধ নিয়ে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে নগরীর পরশুরাম চিলের ঝাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম ওই এলাকার ভূমি রেকর্ড ও জরিপ কার্যালয়ের কর্মচারী। গ্রেফতাররা হলেন- একই এলাকার মোজাফফর হোসেন ও আমেনা বেগম।
পশুরাম থানার ওসি আব্দুল গণি জানান, চিলের ঝাড় এলাকার মোজাম্মেল হকের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল জহুরুল ইসলামের।
শুক্রবার সকালে সালিশ বৈঠকে বাকবিতণ্ডার এক পর্যায়ে মোজাম্মেলের লোকজন ছুরি নিয়ে জহুরুলের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে রায়হান আলী মামলা করেছেন। দুপুরে নারীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।