
নিউজ ডেস্ক:
সাড়ে ১৪ ঘণ্টার ব্যবধানে মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে দিনাজপুরের ফুলবাড়ী স্বজনপুকুর রেলঘুমটি এলাকায় খুলনা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন লাইনচ্যুতের কারণে ফুলবাড়ী হয়ে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ট্রাক্টর চালক মো. রতন বলেন, রূপসা ট্রেনটির ধীরগতি থাকায় জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
ফুলবাড়ী রেলস্টেশনের স্টেশন মাস্টার রফিক চৌধুরী বলেন, খুলনা থেকে চিলাহাটি আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনকে ক্রসিংয়ের জন্য মঙ্গলবার বিকেল ৩টা ২৫ মিনিটে ফুলবাড়ী রেলস্টেশনে দাঁড়িয়ে রেখে ২ নম্বর লাইন দিয়ে পার্বতীপুর থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি ক্রসিং করানো হয়। পরে স্টেশনে দাঁড়িয়ে থাকা রূপসা একপ্রেস ট্রেনকে পার্বতীপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য ২নং লাইন প্রস্তুত করা হয়। সোমবারের ট্রেন ও ট্রাকের দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসা পাকশী কন্ট্রোলের সহকারী বিভাগীয় কর্মকর্তা সোবহান সাহেবের নির্দেশে ২নং লাইন পরিবর্তন করে দুর্ঘটনার শিকার ১নং লাইন দিয়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ট্রেনটি স্বজনপুকুর রেলঘুমটি এলাকায় পূর্বের দুর্ঘটনার শিকার ট্রাকের সাথে ধাক্কা লেগে ট্রেনের একটি কামড়ার (বগির) চারটি চাকা লাইন থেকে নিচে নেমে যায়।
গতকাল সোমবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের ফুলবাড়ীর স্বজনপুকুর রেলঘুমটি এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে রেলঘুমটিতে কর্তব্যরত গেটম্যান সুশান্ত কুমার দাসের (২৮) মৃত্যু হয়। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২৪নিউজ/আখতার