রংপুরে ধান ক্ষেতে মিললো ব্যবসায়ীর লাশ

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুরে একটি ধান ক্ষেত থেকে মিজানুর রহমান মিজান নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি নগরীর বাবুখাঁ এলাকায়। তিনি লালবাগ হাটে সুপারির ব্যবসা করতেন।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউট এর পিছনে দোলাপাড়া নামক স্থানে একটি ধান ক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার হয়।

স্থানীয়রা জানান, সকালে ধান ক্ষেতে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে মহানগর পুলিশের তাজহাট পুলিশ সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তাজহাট থানার এসআই ওবায়দুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি পেশায় সুপারি ব্যবসায়ী। সে নগরীর মধ্য বাবুখাঁ এলাকার রইসউদ্দিনের ছেলে। মিজান লালবাগ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ছিলেন।

তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটির পরিচয় শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্ত চলছে। এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এম২৪নিউজ/আখতার