নববধূদের বাবার বাড়ি ‘ভাদর কাটানি’ যাত্রা শুরু

নিউজ ডেস্ক:

উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে গ্রাম বাংলার ঐতিহ্য হিসেবে পরিচিত ভাদর কাটানি উৎসব শুরু হয়েছে।

পহেলা ভাদ্র থেকে শুরু হওয়া এই উৎসবে নববধূরা গরুর গাড়িতে করে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি ‘নাইওর’ যাত্রা শুরু করেছেন। 

ভাদর কাটানি উৎসব যুগ যুগ ধরে পালন করে আসছে নীলফামারীর মানুষ। নীলফামারী, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁওসহ ভারতের মুর্শিদাবাদ, জলপাইগুড়ি ও শিলিগুড়ি এলাকার বাঙালি সমাজেও এই প্রথা চালু রয়েছে বলে জানা যায়। আধুনিকতার যুগেও গ্রামের বয়স্ক ব্যক্তিরা এখনও এই উৎসবকে গুরুত্বের সঙ্গে দেখে থাকেন।

প্রথা অনুযায়ী ভাদ্র মাসের প্রথম দিন থেকে ১৫ দিন পর্যন্ত স্বামীর মঙ্গল কামনায় নববধূরা স্বামীর মুখ দর্শন করেন না।  

৭০ বছর বয়সী এক বৃদ্ধ বলেন, বিয়ের এক বছরের মাথায় ভাদ্র মাসের শুরুতেই মায়ের নির্দেশে স্ত্রী বাবার বাড়ি চলে যায়। এটা চিরাচরিত নিয়ম বলে বলার কিছুই ছিল না। প্রায় ১৫-২০ দিন পর সে বাড়ি আসে। গ্রামীণ ঐতিহ্য হিসেবে ভাদ্র মাসে মামির হাতে ভাত খেতে হয়। ভাদ্র মাসে নানা ধরনের অসুখ বিসুখ লেগে থাকে তাই বড়দের মতে মামির হাতে ভাত খেলে বাকী ১১ মাস ভাল থাকা যায়।

নিয়ম অনুযায়ী মেয়ে পক্ষ শ্রাবণ মাসের সাতদিন বাকি থাকতেই মেয়েকে বাবার বাড়ি নিয়ে আসতে ছেলের বাড়িতে আম, কাঁঠাল, কলা ও তালসহ মিষ্টি  নিয়ে যায়। সেই অনুষ্ঠানে ছেলে পক্ষ তাদের সাধ্যমতো আপ্যায়নও করেন।

এই প্রথাটি দীর্ঘদিন ধরে সমাজে চলে আসছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।