
নিউজ ডেস্ক:
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মায়ের চিকিৎসা করাতে এসে মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। হাসপাতালে স্টাফদের অতিরিক্ত ফি চাওয়ার প্রতিবাদ করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৯ম ব্যাচ) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেজওয়ানুল করিম রিয়াদ ও তার ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ করিমকে মারধর করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুই ভাই ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরে।
শুক্রবার (১১ জুন) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিয়াদ তার ছোট ভাইসহ অসুস্থ মাকে ভর্তি করার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে যান। সেখানের দায়িত্বশীলরা ৩০ টাকার জায়গায় অতিরিক্ত টাকা দাবি করলে রিয়াদ অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করেন। এতে একযোগে ১৫ থেকে ১৬ জন এসে রিয়াদকে মারধর করতে শুরু করে। এসময় তার ছোট ভাই প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়।
ভুক্তভোগী রেজওয়ানুল করিম রিয়াদ বলেন, মায়ের ডায়ালাইসিস করার জন্য রমেক হাসপাতালে গিয়েছিলাম। মাকে ভর্তি করতে ইমার্জেন্সি বিভাগে গেলে অতিরিক্ত টাকা চাওয়া হয়। প্রতিবাদ করলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে সেখানে উপস্থিত মেডিকেলের কয়েকজন স্টাফ। এরপর ১৫/১৬ জন স্টাফ এসে আমাকে গুম করে ফেলার হুমকি দেয় এবং মারধর করে। এ সময় আমার ছোট ভাই রাশেদ প্রতিবাদ করলে তাকেও মারধর করে তারা।
রাশেদ করিম বলেন, ‘আমার ভাইকে মারধর করা অবস্থায় আমি মোবাইল দিয়ে তাদের ছবি তোলার চেষ্টা করলে তারা মোবাইলসহ আমার ভাইয়ের এবং আমার পকেটে থাকা মানিব্যাগ নিয়ে নেয়। চলে যাওয়ার সময় মোবাইল ফেরত দিলেও মানিব্যাগ ফেরত দেয়নি। পরে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে এবং মাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করায়।
রংপুর মেডিকেলে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আপেল মাহমুদ বলেন, আমি বর্তমানে ওই শিক্ষার্থীর মায়ের চিকিৎসার ব্যবস্থা করছি। বিষয়টি থানায় জানিয়েছি। তারা এসে বিষয়টি দেখবেন।
এবিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘খবর পেয়ে আমি হাসাতালে গিয়ে তাদের খোঁজখবর নিয়েছি। তিনি আরও বলেন, বিষয়টি আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা ব্যবস্থা না নিলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আইনি প্রক্রিয়ায় যাব।
এদিকে দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ফুঁসে উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ তার ফেসবুকে লিখেছেন, রংপুর মেডিক্যাল কলেজে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিয়াদের মায়ের চিকিৎসা নিতে গিয়ে যারা রিয়াদের উপর নগ্ন হামলা চালিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানাচ্ছি।’
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। আমাদের প্রতিদিন
এম২৪নিউজ/আখতার