
রংপুর অফিস:
রংপুরের বিড়ি শিল্পনগরী হারাগাছে জুটমিল শ্রমিক এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে হারাগাছ এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো কাউনিয়া উপজেলার পূর্ব মিয়া পাড়ার হাফিজুল ইসলাম (৩৫), সোনারগাঁও নওহাটি এলাকার ঝন্টু মিয়া (২৭) ও ফরিয়াটারি এলাকার নাজমুল হোসেন(৩০)।
পুলিশ জানায়, কাউনিয়া উপজেলার হারাগাছ নওহাটি এলাকার ওই কিশোরী স্থানীয় একটি জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করতো। গত বুধবার রাতে ওই কিশোরীকে জুটমিলের ৩ শ্রমিক ধর্ষণের চেষ্টা করে। কিশোরী বাড়িতে এসে বিষয়টি তার মাকে জানান। গত শুক্রবার সকালে ধর্ষণ চেষ্টার অভিযোগে তিনজনকে আসামি করে ওই কিশোরীর মা হারাগাছ থানায় মামলা করে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি শওকত আলী সরকার বলেন, জুট মিলে কাজ করা এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার