গঙ্গাচড়ায় বিদ্যুতের তারে ঝুলছিল লাইনম্যানের মরদেহ

রংপুর অফিস:

রংপুরের গঙ্গাচড়ায় বিদ্যুৎ লাইনের সংযোগ দিতে গিয়ে তৌহিদুল ইসলাম (২৩) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

আজ সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কামারপাড়া চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ওই উপজেলার মর্ণেয়া ইউনিয়নের খলিফাবাজার চৌদ্দমাথা এলাকার টেক্কা মিয়ার ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় বেলা ১ টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ (গঙ্গাচড়া) এর এজিএম প্রণব কুমার দে জানান, ওই এলাকায় বিদ্যুতের নতুন সংযোগ স্থাপনের কাজ পায় মেসার্স নাহার কন্সট্রাকসন নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। এই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইনম্যান তৌহিদুল ইসলাম সোমবার সকালে বিদ্যুতের পোলে উঠে কাজ করছিলেন। এসময় পল্লী বিদ্যুতের সুভারভাইজার ফজলু মিয়া লাইন চালু করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং তারে ঝুলে থাকে ওই লাইনম্যান। সুপারভাইজার ফজলু মিয়ার দায়িত্বে অবহেলার কারণে এমন দুর্ঘটনা ঘটে।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply