রংপুরের তারাগঞ্জে ট্রাকচাপায় তিন নারী শ্রমিক নিহত

রংপুর অফিস:

রংপুরের তারাগঞ্জে ট্রাকচাপায় তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ শনিবার রাত ৮টার দিকে উপজেলার ঘোনিরামপুর এলাকায় ব্রাদার্স কোল্ড স্টোরেজ সংলগ্ন রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- মমতা বেগম ও লাভলি বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে ছয়জন ফিরছিলেন। ইজিবাইকটি উপজেলার ব্রাদার্স কোল্ড স্টোরেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতরা সবাই নারী শ্রমিক। তারা একটি কারখানায় কাজ করেন বলে জানা গেছে।

এদিকে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী প্রধান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply