দুদকের মামলায় রমেক অধ্যক্ষ কারাগারে

নিউজ ডেস্ক:

দুদকের দায়ের করা অর্থ আত্মসাৎ মামলায় রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. নূর ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক বেগম রাশেদা সুলতানা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের আইনজীবী হারুনুর রশীদ জানান, রংপুর মেডিকেল কলেজের যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ দেয়া সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক অধ্যক্ষ ডা. নূর ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে ১২ সেপ্টেম্বর মামলা হয়। ওই মামলায় ডা. নূর ইসলাম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাকি আসামিরা হলেন- ঠিকাদারি প্রতিষ্ঠান বেঙ্গল সায়েন্টিফিক কোম্পানির মালিক জাহের উদ্দিন সরকার, তার বাবা আবদুস সাত্তার, ছেলে আহসান হাবিব, ভগ্নিপতি আসাদুর রহমান, রমেকের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সারোয়ার হোসেন।

সূত্র: ডেইলী বাংলাদেশ।