রমেকে চিকিৎসক-নার্সের মারামারি, দুর্ভোগে রোগীরা

নিউজ ডেস্ক:

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক ও নার্সরা অঘোষিত ধর্মঘট শুরু করায় হাসপাতালে চিকিৎসাসেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছে রোগীরা।

প্রত্যক্ষদর্শী ডেন্টাল ইউনিটের ইন্টার্ন চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, ইম্পলের পানি ইন্টার্ন চিকিৎসক অনন্যার শরীরে ছিটকে পড়লেও উল্টো স্টাফ নার্স উর্মি বাকবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।

উর্মির দাবি, ওই ইন্টার্ন চিকিৎসক তাকে চড়-থাপ্পর মেরেছে। এ নিয়ে রাতে উভয়পক্ষের মধ্যে বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ৭০ থেকে ৮০ জন স্টাফ নার্স ডেন্টাল ইউনিট ঘেরাও করেন। এ সময় স্টাফ নার্সদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসক ডা. অনন্যা ও ডা. ফাতেমার ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তাদের রক্ষায় এগিয়ে গেলে ডেন্টাল ইউনিটের সহকারী অ্যধাপক ডা. আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. ফেরদৌসী বেগম লাঞ্ছিত হন। পরে অঘোষিত কর্মবিরতি ডেকে স্টাফ নার্স ও ইর্ন্টান চিকিৎসকরা পরিচালকের কার্যালয় ঘেরাও করে রাখেন।

এ ঘটনাকে কেন্দ্র বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালক ডা. আমিনুর রহমানের চেম্বারের সামনে অবস্থান নিলে নার্সরাও সেখানে পাল্টা অবস্থান নেয়। দুই পক্ষ একে অপরের বিচার দাবি করে বিক্ষোভ অব্যাহত রেখেছে।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. আমিনুর রহমান জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।