
রংপুর অফিস:
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, আগামী ৭ই আগস্ট থেকে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে ১৮বছরের উর্দ্ধে নগরীর সকলকে (মর্ডানা) টিকা প্রদান করা হবে।আগামী ৭ই থেকে ১২ই আগস্ট ২০২১ পর্যন্ত রংপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ (মর্ডানা) টিকাদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রংপুর সিটি কর্পোরেশনের সভা কক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
করোনার মহামারী প্রতিরোধে ওয়ার্ড পর্যায়ে টিকা গ্রহনের জন্য নগরবাসির প্রতি আহবান জানিয়ে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে টিকাদান কার্যক্রম বায়স্তবায়নের লক্ষে নগরীর ৩৩টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধায়নে ৯৯টি কেন্দ্র চালু করা হচ্ছে। ৯৯টি কেন্দ্রে ২৯৭জন স্বেচ্ছাসেবী, ১৯৮ জন টিকাদান কর্মী ও ৪৮জন সুপারভাইজার সার্বক্ষনিক নিয়োজিত থাকবেন।
আগামী ৭ই আগস্ট থেকে ১২ই আগস্ট ২০২১ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে।
মেয়র মোস্তফা আরো বলেন, প্রত্যেককে রংপুর সিটি কর্পোরেশন থেকে টিকা কার্ড গ্রহন করতে হবে। জাতীয় পরিচয়পত্রে ফটো কপি ও মোবাইল নম্বরসহ সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরের সীল ও স্বাক্ষর নিয়ে নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা গ্রহন করতে হবে। টিকা গ্রহনকারীদের অবশ্যই ১৮ বছরের উর্দ্ধে হতে হবে।
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা’র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোঃ রাশেদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান ইবনে তাজ, প্যানেল মেয়র মোঃ সামসুল হক, কাউন্সিলর সেকেন্দার আলী, মাহাবুবুর রহমান মঞ্জু, নুরুন্নবী ফুলু, আব্দুল গফ্ফার, রফিকুল ইসলাম, মুক্তার হোসেন, ফেরদৌসী বেগম ও মনোয়ার সুলতানা মলি ও স্বাস্থ্য শাখার স্যানিটারী কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুমসহ অন্যান্য ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ।
এম২৪নিউজ/আখতার