
রংপুর অফিস:
রংপুরের তিস্তা নদী সহ দেশের ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে রোড মার্চ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। ঢাকা থেকে শুরু হওয়া রোড মার্চটি শাপলা চত্তরে এসে পৌঁছায় আজ রোববার সকালে।
এসময় পথসভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় পাঠচক্রের সদস্য নিখিল দাস, জয়নাল আবেদীন মুকুল, নব কুমার কর্মকার, আলফাজ হোসেন যুবরাজ, জেলা বাসদের সদস্য মাসুদ পারভেজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন।
পথসভা শেষে রোড মার্চটি রংপুর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে তিস্তা নদী অভি মুখে রওনা হয়। এসময় তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে স্লোগান তোলেন অংশ গ্রহণ কারীরা।
এসময়বক্তারা বলেন, ভারত আন্তরর্জাতিক নদী আইন লংঘন করে তিস্তা নদী সহ অভিন্ন ৫৪ নদীতে বাঁধ-ব্যারেজ নির্মান করে এক তরফা ভাবে পানি প্রত্যাহার করছে। ভারতের পানি আগ্রাসনের কারণে বাংলাদেশের কৃষি-পরিবেশ-প্রকৃতি বিপন্ন দশায় পতিত হচ্ছে। স্বাধীনতা পরবর্তী সময়ে ক্ষমতাসীন সকল শাসকগোষ্ঠীর ভারতের প্রতি নতজানু নীতির কারণে আমরা পানির ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থ হয়েছি। ভারত বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে সুন্দরবনে প্রাণ-প্রকৃতি বিধ্বংসী রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মানসহ নানা অন্যায্য সুযোগ-সুবিধা আদায়ে তৎপর রয়েছে।
বক্তারা আরও বলেন,তিস্তা সহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সরকারের আলোচনা উত্থাপন করা উচিত। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবের পূর্বেই তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে সব ধরণেরতৎপরতা অব্যাহত রাখতে হবে। উত্তরবঙ্গ তথা বাংলাদেশকে মরু করণের বিপদ থেকে রক্ষা করতে তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের বিকল্প নেই।
এই সমাবেশ থেকে সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার নিন্দা ও দোষীদের বিচারের দাবি জানানো হয়। সে সাথে ভারতের পানি আগ্রাসন নীতির বিরুদ্ধে সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।
এম২৪নিউজ/আখতার