পীরগঞ্জ আওয়ামী লীগের এক নম্বর সদস্য হলেন জয়

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। এতে প্রধানমন্ত্রীর ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে এক নম্বর সদস্য করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হয়েছেন অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা ও সাধারণ সম্পাদক হয়েছেন এএসএম তাজিমুল ইসলাম শামীম।

সম্মেলনের প্রথম পর্বে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, সিনিয়র সহসভাপতি একেএম ছায়াদত হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জাসেন বিন জুম্মন, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল প্রমুখ। 

সভা শেষে সম্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতি পদে অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা ও সাধারণ সম্পাদক পদে এএসএম তাজিমুল ইসলাম শামীম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।