
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, পুলিশ ও মানুষের সম্পর্ক সুদৃঢ় করতেই বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। অপরাধ প্রবণতা ও মাদক রোধে এই বিট পুলিশং অগ্রণী ভূমিকা রাখবে। সমাজের প্রত্যেককে সঙ্গে নিয়ে বিট পুলিশিংয়ের কাজ তরান্বিত করতে হবে।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারী) পীরগঞ্জ থানায় মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাসিক অপরাধ সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরো বলেন, সন্ত্রাসী যে কেউ হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীরা কেউ ছাড় পাবে না। ফিটিংবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কেউ ফিটিং করে মানুষকে হয়রানী ও ক্ষতিগ্রস্থ করলে তার কোন ছাড় হবে না। এক্ষেত্রে পুলিশও যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, আমাদের সবাইকে ভাল থাকতে হবে। মাদক নির্মুল করতে হবে। এজন্য পুলিশের পাশাপাশি সাধারন মানুষকে নিয়ে বিট পুলিশিং এর সহায়তায় এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, দুর্নীতি, সন্ত্রাস, মাদক, ধর্ষণ, নারী নির্যাতন, চুরি-ডাকাতি ও ছিনতাই রোধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ গুরুত্ব দিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্তের কারণে আমরা কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান শুরু করেছি।
পুলিশ সুপার পীরগঞ্জ থানার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষের মধ্যে পুলিশভীতি দূর করা এবং জনগণ ও পুলিশের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি করতে হবে। এতে দুর্নীতির সুযোগ কমার পাশাপাশি পুলিশি সেবাটা সহজেই মানুষের কাছে চলে যাবে। পীরগঞ্জ থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রংপুর, কামরুজ্জামান পিপিএম-সেবা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) রংপুর, এবং পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত/অপারেশন ও ভেন্ডাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জসহ থানার এসআই ও এএসআইগণ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার