থানাকে গণমুখী ও জনবান্ধব করতে চাই : এসপি বিপ্লব কুমার

মো: শামীম আখতার:

পীরগঞ্জে মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, অসহায় ও বিপদগ্রস্থ মানুষ যেন স্বাভাবিকভাবে থানায় এসে কথা বলতে পারে। কোন রকম হয়রানি ছাড়া মামলা ও জিডি করতে পারে। আমরা থানাকে গণমুখী ও জনবান্ধব করতে চাই।

তিনি আরো বলেন, থানা থেকে বের হয়ে যেন জনগনের এই বোধটি হয়, পুলিশ আন্তরিকভাবে আমাকে আইনী সেবা দিবে ও ন্যায় বিচার পাবো। প্রতিটি মানুষ যাতে এই বিশ্বাস নিয়ে থানা থেকে ফিরতে পারে। সেলক্ষে আমরা কাজ করে যাবো। সাধারণ মানুষের পাশে থেকে সার্বক্ষণিক কাজ করবো। এসময় পীরগঞ্জ থানার পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় পীরগঞ্জ থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন সভার প্রধান অতিথি এসপি বিপ্লব কুমার সরকার।

আজ মঙ্গলবার পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ, জনাব সরেস চন্দ্র।

পীরগঞ্জ থানার আয়োজনে মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) ফজলে এলাহী, পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত/অপারেশন এবং ভেন্ডাবাড়ী তদন্তকেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক শাহিনুর ইসলাম তালুকদার প্রমুখ।