পীরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চুরি ও ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার

রংপুর অফিস:

রংপুরের পীরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চুরি ও ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার পীরগঞ্জের কাবিলপুর থেকে একটি চোরাই মোটর সাইকেল সহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার আজমপুর ফকিরপাড়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে আয়নাল মিয়া (৩৯) ও হাফিজার রহমানের ছেলে হাসানুর রহমান (৪০)।

আজ রোববার বিকেলে রংপুর জেলা পুলিশের মিঠাপুকুর-পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, গত শনিবার দুপুর দেড়টার দিকে পীরগঞ্জ থানার ১৫নং কাবিলপুর ইউনিয়নে অবস্থানকালে এসআই নুরে আলমের কাছে গোপন সংবাদ পায় যে, আয়নাল মিয়া ও হাসানুর রহমান কাবিলপুর ইউপির করিমপুর মৌজার করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি চোরাই মোটর সাইকেল সহ অবস্থান করছেন। সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই জন কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা আন্তঃজেলা মোটরসাইকেল চুরি ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য বলে জানায়। তারা গাজীপুর জেলার কালিগঞ্জ থানা এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি করে এনেছিলো। এছাড়া পীরগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে গাজীপুর এলাকায় বিক্রি করতো তারা। গাজীপুর এলাকা থেকে মোটরসাইকেল চুরি ও ছিনতাই করে নিয়ে এসে রংপুর এলাকায় বিক্রি করেন। এ পর্যন্ত বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের কাজ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে।

আয়নাল মিয়ার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে তিনি আরো জানান।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply