
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগঞ্জে হযরত আলী (৬০) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পীরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার সীমান্তবর্তী মানাসী বাধ (স্লইচগেট) আখিরা নদী সংলগ্ন একটি গাছের গোড়ায় বাঁধা অবস্থায় ঐ ব্যবসায়ির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।
নিহতের নাম হযরত আলী। তিনি পীরগঞ্জ উপজেলার হলদিবাড়ি গ্রামের মৃত খালেক উদ্দিনের ছেলে। হযরত আলী পেশায় একজন গরু ব্যবসায়ী। বিভিন্ন হাটে গরু কেনাবেচা করতেন। তিনি দুই ছেলে ও তিন কন্যা সন্তানের জনক।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গরু ব্যবসায়ি জানান, বৃহস্পতিবার হযরত আলী দিনাজপুর জেলার রানীগঞ্জ হাটে গরু ক্রয়/বিক্রয় করতে যান। পলাশবাড়ী থানাধীন মহেশপুর গ্রামের পাশে ব্র্যাক নামক স্থানে হযরত আলী তার মেয়ের বাড়িতে যাবার কথা বলে নেমে যান। শুক্রবার দুপুরে তার মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃত্যুর কারন নির্নয়ে ময়না তদন্তের জন্য মৃতদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পীরগজ্ঞ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, নিহতের বড় ছেলে নওয়াব আলী থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
এম২৪নিউজ/আখতার