পীরগঞ্জে ট্রাকচাপায় পুলিশ কনেস্টবল নিহত

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুরের পীরগঞ্জে বিকল হয়ে থাকা ট্রাক সরানোর সময় আরেকটি ট্রাকের চাপায় শুক্রবার মাসুদ রানা নামের এক পুলিশ কনেস্টবল মারা গেছেন। শুক্রবার রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ এলাকায় বড়দরগা পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওমর ফারুক জানান, ফাঁড়ির সামনে একটি বিকল হওয়া ট্রাক সরানোর কাজ করছিলেন কনস্টেবল মাসুদ রানা। এসময় বগুড়াগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত কনস্টেবল মাসুদ রানা দিনাজপুরের নবাবগজ্ঞ উপজেলার সতেরপাড়া গ্রামের রমজান আলীর পুত্র। এ ঘটনায় ট্রাকটিকে পুলিশ আটক করতে পারলেও হেলপার ও চালক পালিয়ে গেছে।

এ ঘটনায় মিঠাপুকুর থানায় হাইওয়ে পুলিশের এএসআই আবুল হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

এম২৪নিউজ/আখতার