
রংপুর অফিস:
রংপুরের পীরগঞ্জে সাইকেল চুরির অপবাদ দিয়ে রিফাত নামে বারো বছরের এক শিশুকে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিক্ষক আবু বক্কর সিদ্দিক ওরফে সাজু কে আটক করেছে পুলিশ।
নির্যতনকারী শিক্ষক উপজেলার বাজেশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এবিএস ইটভাটার মালিক। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-ডি) মো. কামরুজ্জামান। বৃহস্পতিবার বিকেলে শিশু নির্য়াতনের অভিয়োগে শিক্ষককে আটক করে পীরগঞ্জ থানা পুলিশ।
বুধবার উপজেলার কুমেদপুর ইউনিয়নের শিবপুর (লতারপাড়া) গ্রামে শিশু নির্যাতনের এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার রিফাত (১২) কুমেদপুর ইউনিয়নের মরারপাড়া (নতারপাড়া) গ্রামের মোখলেছার রহমান দুলার ছেলে।
এলাকাবাসীরা জানান, আবু বক্কর সিদ্দিক ওরফে সাজুর এক আত্মীয়ের বাইসাইকেল চুরি হওয়াকে কেন্দ্র করে বুধবার বিকেলে ওই শিশুকে ধরে এনে হাত পা বেঁধে জনসম্মুখে মারধর করেন সাজু। এ সংক্রান্ত একটি ভিডিও রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ থানা পুলিশ সাজুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা পুলিশ।
রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-ডি) মো. কামরুজ্জামান বলেন, বুধবার শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় সাজু নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে ভুক্তভোগীকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। পেলে বিস্তারিত জানা যাবে।
এম২৪নিউজ/আখতার