পীরগাছায় গলায় ছোলা আটকে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে ছোলা খাওয়ার সময় গলায় আটকে আহসান হাবীব নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১এপ্রিল) বিকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব ওই গ্রামের আখেরুজ্জামানের ছেলে।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটির মা গ্রামীণ এক ফেরি দোকানীর কাছে বৃহস্পতিবার বিকালে ছোলা কিনে খাচ্ছিলেন। এ সময় শিশুটিও কয়েকটি ছোলা খাওয়ার সময় তার শ্বাসনালিতে আটকে যায়। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য হাফেজ মজিবর রহমান শ্বাসনালিতে ছোলা আটকে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে নিয়ে মেডিক্যালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply