শিশু ছেলে-মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

অনলাইন ডেস্ক:

সাতক্ষীরার কলারোয়ায় শিশু কন্যাকে যৌন নির্যাতনের বিচার না পেয়ে দুই ছেলে-মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন মা মাহফুজা খাতুন (৩২)। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া বাজারের মসজিদের পাশে নিজ বাড়িতে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

মাহফুজা খাতুন ওই গ্রামের ট্রাক ড্রাইভার শিমুল হোসেনের স্ত্রী। নিহত দুই শিশু হলো, শিমুল হোসেনের ছেলে মাহফুজ (৯) ও মেয়ে মোহনা (৫)।

শিমুল হোসেনের পিতা আব্দার আলী জানান, তিন দিন আগে খেলা করার সময় স্থানীয় লাল্টুর ছেলে হৃদয় (১৪) শিশু মোহনাকে যৌন নির্যাতন করে।  মোহনা বিষয়টি বাড়ি এসে মাকে জানালে মাহফুজা স্থানীয় ইউপি সদস্য সাফিজুলের কাছে বিচার চান। তখন সাফিজুল সামনে নির্বাচন উল্লেখ করে কয়েকদিন পরে বিচারের আশ্বাস দেন। বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি মামলার পরামর্শ দেন। পরে মাহফুজা তার কাছে (আব্দার আলী) মামলা করার কথা বললে তিনি বলেন, আমরা গরীব মানুষ, মামলার খরচ চালাবো কিভাবে।

বৃহস্পতিবার সকালে তিনি (আব্দার আলী) কাজে গেলে মাহফুজা দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজেও ঘরের আড়ায় রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করে।

এদিকে কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবীরসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে আসে। এরপর সিআইডির ক্রাইম সিন, পিবিআই ও র‌্যাব ঘটনাস্থলে আসে। এলাকায় শোকের মাতম চলছে।  

কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু জানান, এটি একটি মর্মান্তিক ঘটনা। অবশ্যাই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।

সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করা হবে। মূল ঘটনা উদঘাটনে সকল ধরণের ব্যবস্থা নেয়া হবে। ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। সূত্র: বাংলা পত্রিকা

এম২৪নিউজ/আখতার

Leave a Reply