
রংপুর অফিস:
রংপুরের পীরগাছায় দুইদিন ধরে নিখোঁজ রয়েছে আলমগীর হোসেনের দুই মেয়ে। গত শনিবার সকাল থেকে জান্নাতুল ফেরদৌস অ্যাপোলো (১৪) ও তার ছোট বোন জান্নাতুল আফরোজার (৭) খোঁজ মিলছে না।
এই নিখোঁজের ঘটনায় গতকাল রোববার পীরগাছা থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন পিতা আলমগীর হোসেন।
থানায় দায়ের করা জিডি সূত্রে জানা গেছে, পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের আমডারা গ্রামের আলমগীর হোসেনের দুই মেয়ে গত শনিবার সকাল ৮টার দিকে তার বাবার কাছ থেকে নাস্তার কেনার জন্য টাকা নিয়ে বাড়ির বাইরে যায়। দীর্ঘ সময় পরও তারা ফিরে না আসলে খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের লোকজন। বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস অ্যাপোলো স্থানীয় রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং ছোট মেয়ে জান্নাতুল আফরোজা পশ্চিমদেবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে মেয়ে দুটির বাবা আলমগীর হোসেন বলেন, নাস্তা কেনার টাকা নিয়ে তাদের দোকানে যাওয়ার কথা ছিল। কিন্তু কোথায় গেলো ভেবে পাচ্ছি না। অনেক জায়গায় খুঁজে করে না পেয়ে থানায় ডায়রি করেছি।
রংপুরের পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
এম২৪নিউজ/আখতার