
রংপুর অফিস:
রাজনীতিতে মিথ্যাচারে বিএনপি বিশ্ব চ্যাম্পিয়ন দল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।
তিনি বলেছেন, মিথ্যাচারে বিএনপি বিশ্ব চ্যাম্পিয়ন। পবিত্র রমজানেও এই দল মিথ্যাচার করেছে। এখনও বিএনপির মহাসচিব মিথ্যাচার করে চলছেন। বিএনপি বাংলাদেশকে ভিক্ষুকের দেশে পরিণত করতে চায়। এই দলের প্রতিষ্ঠাতা একাত্তর এবং পঁচাত্তরের ঘাতক খুনিদের সাথে নিয়ে দল গঠন করেছিল। ক্ষমতায় থাকতে অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করে দেশ পরিচালনার দায়িত্ব আওয়ামীলীগকে দিয়েছে।
আজ সোমবার বিকেলে রংপুর মহানগরীর জাফরগঞ্জ মাদ্রাসা মাঠে হাজিরহাট থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান এ মন্তব্য করেছেন।
সাবেক মন্ত্রী বলেন, আওয়ামীলীগ সকল দলকে সাথে নিয়ে নির্বাচনে অংশ নিতে চায়। কারণ আওয়ামীলীগ জনগণ ও দেশের উন্নয়নে কাজ করছে। বর্তমানে জনগণের আস্থা অর্জন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে। অথচ বিএনপি এই দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনে দিয়েছে। দেশে নিরবিচ্ছিন্ন বিদুৎ মিলছে। সড়কপথে অভূতপূর্ব উন্নয়ন করেছে। শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। শুধু তাই নয়, সারাদেশের মতো রংপুরকে উনয়নের ছোঁয়া দিয়ে মঙ্গার অভিশাপ থেকে মুক্ত করেছে। এখন রংপুরে উন্নয়নের মহাসড়কে আছে। আগামী দিনে এই উন্নয়নের ধারাবাহিকতায় জাতীয় নির্বাচনে রংপুরের সব জায়গায় নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি। পরে হাজিরহাট থানা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নবী-উল্লাহ পান্না’র সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সফুরা খাতুন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।
রংপুর মেট্রোপলিটন ঘোষণার চার বছরের মাথায় এই প্রথম থানা পর্যায়ে কমিটি গঠনের লক্ষে সম্মেলন করছে আওয়ামীলীগ। গতকাল সোমবার রংপুর মহানগরের ছয়টি থানার মধ্যে হাজিরহাট থানার সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ছয়টি ওয়ার্ড নিয়ে গঠিত মেট্রোপলিটন হাজিরহাট থানায়। ২৭৬ জন দলীয় কাউন্সিলরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার অনুষ্ঠিত হবে রংপুর টাউন হলে মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
এম২৪নিউজ/আখতার