রংপুর মহানগর আওয়ামী লীগের রাজনীতির মাঠ এখন সরগরম

রংপুর অফিস:

ঈদের আমেজ শেষ হতে না হতেই রংপুর মহানগর আওয়ামী লীগের রাজনীতির মাঠ এখন সরগরম। আজ সোমবার থেকে রংপুর মহানগর আওয়ামী লীগের হাজির হাট থানার সম্মেলনের মধ্যদিয়ে শুরু হচ্ছে ৬ থানার সম্মেলন।

সম্মেলনকে ঘিরে চাঙা হয়েছে নেতাকর্মীরা। থানা ঘোষণার ৪ বছরের মাথায় এই প্রথম কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ। সম্মেলনে পদ প্রত্যাশীরা এ দৌড়ে পিছিয়ে নেই। কর্মীদের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন, সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। এরই মধ্যে প্রার্থীরা দোয়া ও রাজনৈতিক পরিচয় দিয়ে টাঙিয়েছেন ব্যানার, ফেস্টুন। বড় বড় প্লাকার্ড শোভা পাচ্ছে নগরীতে। দলীয় কার্যালয় সব সময় নেতাকর্মীদের পদচারণায় মুখরিত।

সম্ভাব্য প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ছুটে চলছেন দলীয় ভোটারদের কাছে। কেউ কেউ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতাদের কাছাকাছি থাকার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন সমানতালে। তবে ওয়ার্ডের কাউন্সিলররা চাচ্ছেন প্রত্যক্ষ ভোট। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নিজেদের থানার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করতে চান তারা। এদিকে সামনে সিটি কর্পোরেশন ও জাতীয় নির্বাচন। ক্লিন ইমেজের নেতৃত্ব নিশ্চিত করতে চায় মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সম্মেলন প্রস্তুতি কমিটি জানিয়েছেন, গতকাল সোমবার হাজির হাট থানা আওয়ামী লীগের সম্মেলনের মধ্য দিয়ে শুরু হয়েছে সম্মেলন। ৬টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে রংপুর মেট্রোপলিটন হাজির হাট থানা। এ সম্মেলনে ২৭৬ জন দলীয় কাউন্সিলর প্রয়োগ করবেন তাদের ভোটাধিকার।

রংপুর সদরের হাজিরহাট মেট্রোপলিটন থানা আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শাহ্ মোঃ নবী উল্লাহ্ পান্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহাজান খান এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য এডভোকেট হোসনে আরা লুতফা ডালিয়া, এডভোকেট সফুরা বেগম রুমি। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম রাজুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাজিরহাট মেট্রোপলিটন থানা আওয়ামীলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সচস্য সচিব জাহাঙ্গীল আলম তোতা সঞ্চালনা করেন।

আজ মঙ্গলবার রংপুর টাউনহলে মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। রংপুর মহানগরের অন্তর্ভুক্ত ৬ থানার মধ্যে সর্ববৃহৎ থানা হচ্ছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা। ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এ থানার মোট কাউন্সিলর ৪৪৯ জন। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রসারন মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

কয়েকজন প্রার্থী ভোটের পক্ষে বলেই জানিয়ে বলেন, ভোট হলে দ্বিধাদ্বন্দ্ব কিংবা মান অভিমান কিছু থাকবে না, তৃণমূলের কর্মীরা যাদের ভালো মনে করবে তাদের বেছে নিবে। তবে এ ক্ষেত্রে সৎ যোগ্য, সাবেক ছাত্রনেতা ও মাঠের পরিক্ষিতজনকেই কর্মীরা বেছে নিতে আরও সচেতন হওয়ার অনুরোধ করেছেন কেউ কেউ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply