পীরগাছায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষক নিহত

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগাছা উপজেলায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত হয়েছেন। তার নাম সানু চন্দ্র রায় (৪৩)।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রীও। সোমবার দুপুরে উপজেলা সদরের শাপলা চত্বর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানু চন্দ্র রায় উপজেলা সদর ইউনিয়নের অনন্তরাম পাকারমাথা গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে। তিনি পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, সানু চন্দ্র রায় তার স্ত্রী রিমা রাণীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে রংপুর যাচ্ছিলেন। পথে পীরগাছা বাজারের শাপলা চত্বর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সানু চন্দ্র রায় মারা যান। আর স্ত্রী রিমা রাণী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা।