
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছায় দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র। এর আগে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কুড়ারপার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন পীরগাছা সদর ইউনিয়নের কসাইটারী গ্রামের ছফুর উদ্দিনের ছেলে। এ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর স্থানীয় বাজার থেকে বাড়িতে যান দেলোয়ার হোসেন। রাত ১১টার দিকে প্রতিবেশী ফারুক নামে এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা কুড়ারপার ব্রিজ এলাকায় রেল লাইনের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা দেলোয়ারকে কোপাতে থাকেন। এ সময় দেলোয়ারের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই প্রতিবেশী সবুজ নামে এক যুবকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বলেন, দেলোয়ার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বর্তমানে তার মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
এম২৪নিউজ/আখতার