পীরগাছায় যাত্রী বেশে রিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগাছায় যাত্রী বেশে একটি চার্জার রিকশা ছিনতাইয়ের অভিযোগে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার পীরগাছা থানায় একটি দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রংপুরের কাউনিয়া উপজেলার বিশ্বনাথ গ্রামের গোলাম মোস্তফার ছেলে রিকশা চালক মিজানুর রহমানের রিকশা ছিনতাইকারীরা পীরগাছা উপজেলার গোবরাপাড়া গ্রামে যাওয়ার জন্য ভাড়া করে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোবরাপাড়া গ্রামে পৌঁছলে ছিনতাইকারীরা রিকশা চালককে মারধর করে রিকশাটি ছিনিয়ে নেয়। এ সময় রিকশা চালক দৌড়ে পাশের বাজারে গিয়ে উপস্থিত লোকজনকে বিষয়টি জানায়।

পরে স্থানীয় জনতা সোহেল নামের এক ছিনতাইকারীকে আটক করে। সোহেল জগজীবন বাঘভাসা গ্রামের বাবলু মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহেলকে হেফাজতে নেয়। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতেই হাসেন আলীর ছেলে আসাদুল (২৪) ও আব্দুল হকের ছেলে সাগরকে(২৫) আটক করা হয়। পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামন থেকে চার্জার রিকশাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রিকশা চালক মিজানুর রহমান বাদী হয়ে ৪ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, একটি চার্জার রিকশা ছিনতাইয়ের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে।