
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছা থেকে অপহৃত এক কিশোরীকে ২৯ দিন পর গাজীপুরের কাশিমপুর থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণের অভিযোগ জোবায়ের হোসেন নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
আজ বুধবার (২ জুন) দুপুরে র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২ মে দুপুরে পীরগাছা উপজেলার দেউতি বালিকা বিদ্যালয়ের সামন থেকে ১০ ম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করা হয়। অপহরণের পর তার বাবা ওই দিনই পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় র্যাব ছায়া তদন্ত করে আসছিল।
সোমবার (৩১ মে) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ভিকটিম গাজীপুরের কাশিমপুর সরদারগঞ্জে অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১ জুন) সন্ধ্যায় জোবায়েরকে পীরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
পীরগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম জানান, জোবায়েরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার