পুলিশ হোক কিংবা সাধারণ মানুষ, অপরাধ করলে ছাড় নেই : এসপি রংপুর

স্টাফ রিপোর্টার:

পুলিশ হোক কিংবা সাধারণ মানুষ, অপরাধ করলে ছাড় নেই উল্লেখ করে রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন ২০২০ সাল ‘মুজিব বর্ষ’। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই শ্লোগান ধারণ করে আমরা কাজ করছি।সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে এই “মুজিববর্ষে” পুলিশ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা দূর করে জনবান্ধব পুলিশে পরিণত হবার জন্য থানা পুলিশ সদস্যের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, পেশাদারিত্ব বজায় রেখে থানা পুলিশকে নিজ দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করে জনগনকে প্রত্যাশিত সেবা প্রদান করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যকে জনবান্ধব ও আধুনিক মানসিকতার অধিকারী হতে হবে। দেশের চলমান উন্নয়নকে এগিয়ে নিতে বদরগঞ্জ থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করতে হবে।

বদরগঞ্জ থানার আয়োজনে অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসপি আরো বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান কঠোর। জেলা পুলিশের কোন সদস্য যদি মাদক বা অন্য কোনো অপরাধের বা অপরাধীদের সাথে সংশ্লিষ্ট থাকে তবে তাদের বিরুদ্ধেও কঠোর শাস্তি মূলক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ার করেন।

মঙ্গলবার ১৮ (ফেব্রুয়ারী) বেলা ১১টায় অফিসার ইনচার্জ এর কক্ষে অনুষ্ঠিত এই সভা অনুষ্ঠিত হয়।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, বি-সার্কেল (তারাগঞ্জ-বদরগঞ্জ) মোঃ মারুফ আহম্মেদ এবং বদরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত/অপারেশন উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার