
স্টাফ রিপোর্টার (রংপুর):
নয়দিন প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ শেষে অবশেষে বাড়ি ফিরলেন রংপুরের বদরগঞ্জের তাবলীগ জামাত ফেরত ৮০ বছর বয়সী বৃদ্ধ মোসলেম উদ্দিন।
আজ বুধবার দুপুরে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও ছাড়পত্র দেয়া হয়। তার বাড়ি বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাওচণ্ডি খিয়ারপাড়ায়।

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন্নবী ওই বৃদ্ধের ছাড়পত্র দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ছাড়পত্র দেওয়ার সময় ওই বুদ্ধকে চিঠি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডা. এসএম নূরুন্নবীসহ কর্মরত চিকিৎসকবৃন্দ।
ডা. এসএম নূরুন্নবী জানান, একমাস ঢাকায় অবস্থান শেষে গত ১ এপ্রিল রংপুরে ফেরেন মোসলেম উদ্দিন। এসময় তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রংপুরে পৌঁছে শহরের খামার মোড়ে জামাইয়ের বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে থাকা অবস্থায় জ্বর, সর্দি, ও কাশিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়।
পরে ১৪ এপ্রিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারে চিকিৎসা নিতে যান মোসলেম উদ্দিন। এসময় কর্তব্যরত চিকিৎসক তার রোগের লক্ষণ ও ইতিহাস জেনে করোনা সন্দেহে নমুনা পরীক্ষার পরামর্শ দেন। ওইদিন তার নমুনা সংগ্রহ করা হয় এবং ১৬ এপ্রিল করোনা শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে ২০ এপ্রিল সেখান থেকে তাকে ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতালে রেফার্ড করা হয়।
তিনি আরও জানান, ৯ দিন চিকিৎসাধীন থেকে তার শারীরিক অবস্থার উন্নতি এবং পরপর দুইবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে হাসপাতাল হতে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
এম২৪নিউজ/আখতার