
অনলাইন ডেস্ক:
রংপুরের বদরগঞ্জে মেয়ের বাল্যবিয়ের আয়োজন করায় বাবা রতন সাহাকে (৪৫) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও মো. নবীরুল ইসলাম।
এলাকাবাসী ও ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, পৌরশহরের সিও রোডের বাসিন্দা রতন সাহা। তার মেয়ে বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বাবা রতন সাহা বগুড়ার সোনাতলা উপজেলার সন্তোষ সাহার ছেলে সুশান্ত সাহার (১৮) সঙ্গে বিয়ের আয়োজন করেন।
রবিবার তাদের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বর আসার আগেই বাল্যবিয়ের খবর পান ইউএনও। পরে ইউএনওর নির্দেশে রতনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের বিচারক রতনের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে তিনি রেহাই পান।
ইউএনও মো. নবীরুল ইসলাম বলেন, জরিমানার পাশাপাশি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে রতন সাহার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।
এম২৪নিউজ/আখতার