আন্তর্জাতিক নারী দিবস আজ

নিউজ ডেস্ক:

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মসূচিতে দিনটি উদযাপিত হবে। ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে এবারের নারী দিবস।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এছাড়া সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় দিবসটি উদযাপনে দেশব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে।

১৯১০ সালের ৮ মার্চ নিউইয়র্কের সেলাই কারখানার নারী শ্রমিকদের নারী আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রতি সম্মান জানাতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ ১৯৭৫ সাল থেকে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন শুরু করে। তখন থেকেই বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপন করা হয়।

বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে মর্যাদা দেয়ার দাবিতে এই দিনে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্মরণ করে এবং ভবিষ্যতের পথ পরিক্রমা নির্ধারণ করে। যাতে আগামী দিনগুলো নারীর জন্য আরো গৌরবময় হয়ে ওঠে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।