হাতকড়া নিয়ে আসামী পালানোর ঘটনায় বদরগঞ্জ থানার দুই কনস্টেবল ক্লোজড

নিউজ ডেস্ক:

রংপুরের বদরগঞ্জে চুরি মামলার আসামি হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনায় বদরগঞ্জ থানার দুই কনস্টেবল ক্লোজড করা হয়েছে। এদিকে বদরগঞ্জে চুরি মামলার আসামি হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ২৩ ঘণ্টা পর পুলিশের হাতে ধরা পড়েছে।

পালিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম মাহমুদ হাসান চৌধুরী। বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ বিষ্ণুপুর এলাকার রবিউল ইসলাম চৌধুরীর ছেলে। সোমবার একটি চুরি মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।

পরদিন বদরগঞ্জ থানার কনস্টেবল কামাল পাশা ও দেলোয়ার হোসেন দুপুরে একটি ইজিবাইকে করে তাকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা হন। দুপুর দেড়টায় তাকে বহনকারী ইজিবাইকটি বদরগঞ্জ-রংপুর রোডের ভাঙা মাল্লি ব্রিজে উঠলে মাহমুদুল হাসান কৌশলে হাতকড়াসহ পালিয়ে যান।

এরপর বদরগঞ্জ থানা পুলিশ বিভিন্ন জায়গায় চিরুনি অভিযান চালিয়েও সফল হয়নি। অবশেষে বুধবার(২৯এপ্রিল) উপজেলার কুতুবপুর ইউনিয়নের অরুন্নেছা বাজার থেকে তাকে হাতকড়াসহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

বদরগঞ্জ থানার ওসি তদন্ত আরিফ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, কর্তব্যে অবহেলার কারণে কনস্টেবল কামাল পাশা ও দেলোয়ার হোসেনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।