
স্টাফ রিপোর্টার:
আজ ১লা মার্চ রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে সেই সকল শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণসহ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা স্বীকৃতি স্মারক প্রদান করা হয়।
১ মার্চ রবিবার সকালে রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে নির্মিত অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিপ্লব কুমার সরকার,বিপিএম-বার, পিপিএম, পুলিশ সুপার, রংপুর, নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করে।
পুলিশ সুপার, রংপুর তাঁর বক্তব্যে বলেন, ‘শৃঙ্খলা-নিরাপত্তা প্রগতি’ মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ পুলিশের সদস্যরা দেশে আইন-শৃঙ্খলা রক্ষাসহ আইনের শাসন প্রতিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। জনগণের জানমালের নিরাপত্তায় অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য নিহত ও আহত হন। দেশের জন্মলগ্ন হতে স্বাধীনতার চেতনা যে বাহিনীর হৃদয়ে প্রোথিত, সে পুলিশ বাহিনী গণতন্ত্রেও অগ্রযাত্রায় সহযাত্রী হবে। ভূমিকা রাখবে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে।’
অনুষ্ঠানের শুরুতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন এবং তাদের প্রতি সম্মান জানান।
‘পুলিশ মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে রংপুর জেলার পুলিশ সুপার জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম-বার, পিপিএম, পুলিশ সুপার, রংপুর, এবং রংপুরস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার


