‘বিরোধী দল শক্তিশালী নয়’ প্রধানমন্ত্রীর এ মন্তব্য সঠিক নয়: রংপুরে জিএম কাদের

রংপুর অফিস:

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, বাংলাদেশে বিরোধী দল শক্তিশালী নয় প্রধানমন্ত্রীর এ মন্তব্যের সাথে আমরা একমত নই। আমাদেরকে জনবিচ্ছিন্ন দল হিসেবে আখ্যায়িত করা হলেও আমরা তাদের চেয়ে জনগণের অনেক কাছাকাছি থাকি। জাতীয় পার্টির আমলে দেশে সুশাসন ছিল, মানুষ নিরাপদে চলাফেরা করতে পারতো।

তিনি আজ রোববার রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে জাতীয় পার্টির ইফতার মাহফিলে যোগদিতে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।

জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, দেশে ঋণ নিয়ে মেগাপ্রকল্প তৈরী করা হচ্ছে। আমাদের রপ্তানী আয়ের চেয়ে অনেক বেশি আমদানী ব্যয় বেড়েছে। প্রতি বছর বিরাট অংকের ঘাটতি শুরু হলে রিজার্ভ এক বছরও চলবে না। ঋণের বোঝা, সুদ-আসল দেয়া নিয়ে দেশ সমস্যায় পড়তে পারে। তবে আমরা এখনই শ্রীলংঙ্কা হয়ে যাব তা বলছি না। যেহেতু ভবিষ্যত অনিশ্চিত তাই এখনই নিশ্চিন্ত হওয়ার কিছু নেই।

জিএম কাদের বলেন, দেশে ধনী ও অতি ধনীদের সংখ্যা কম, তাদের হাতে জাতীয় আয়ের সিংহভাগ রয়েছে। আর দরিদ্রদের সংখ্যা অনেক বেশি, জাতীয় আয়ের তাদের অংশ সামান্য। আমাদের দেশে এই আয়ের বৈষম্যের মধ্যে মাথাপিছু গড় আয়কে দেখিয়ে তা উন্নতির চাবিকাঠি বলা যাবে না। গরীব মানুষ ক্রমান্বয়ে গরীব হচ্ছে, আর ধনীরা আরও ধনী হচ্ছে।

তিনি বলেন, করোনা মহামারীর পর দেশের অনেক মানুষ দরিদ্র হয়ে গেছে। তাদের খাদ্য নিশ্চিত করতে হবে। এজন্য দেশের মানুষকে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও অতিদরিদ্র শ্রেণিতে ভাগ করে সপ্তাহিক ভিত্তিতে রেশনের ব্যবস্থা করতে হবে। এটি অব্যহত রাখতে হবে যতদিন পর্যন্ত না তাদের চাহিদা মিটছে।

এ সময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা এমপি, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর যুবসংহতির সভাপতি শাহিন হোসেন জাকিরসহ জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply