
মাধ্যমিক শিক্ষক সমিতির নিন্দা ||
স্টাফ রিপোর্টার:
ইউনিয়ন পরিষদ নির্বাচনে পক্ষে কাজ না করার অপরাধে পরাজিত মেম্বার প্রার্থীর নেতৃত্বে এক প্রধান শিক্ষক ও তার ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় ওই দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ও সন্ধায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করে গতকাল রোববার জেলহাজতে পাঠিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আহতরা হলেন- উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বিরাহিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ নাসিম (৫৪) ও তার ছোট ভাই প্রকৌশল অধিদপ্তরের কার্য সহকারী সুরুজ্জামান (৪৩)। তারা বিরাহিমপুর গ্রামের মৃত. আফসার আলীর ছেলে।
মামলার এজাহার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ নাসিম শনিরার দুপুরে স্থানীয় শালমারা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে সদ্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থী আবদুস সালামের নেতৃত্বে ৭/৮ জন ব্যক্তি চাপাতি, ছুরি, রডসহ দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রধান শিক্ষকের ওপর হামলা করে। তারা চাপাতি দিয়ে মাথা ও শরীরের বিভিন্নস্থানে উপর্যুপরী কুপিয়ে ওই প্রধান শিক্ষককে রক্তাক্ত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
পরে সন্ধায় তার ছোটোভাই সুরুজ্জামানকে একই হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কোপায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছিলে হুমকি দিয়ে হামলাকারীরা চলে যায়। তাকেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত প্রধান শিক্ষকের ভাতিজা আজহারুল ইসলাম বলেন, ‘সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পায়রাবন্দ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতা করেছিলেন বিরাহিমপুর গ্রামের আবদুস সালাম মিয়া। আমার চাচা প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ নাসিম তার পক্ষে কাজ না করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন সালাম। বিভিন্ন সময় নানা ভয়ভীতি ও হুমকি ধামকি দিচ্ছিলেন। এর জের ধরেই মূলত. সালাম সন্ত্রাসী বাহিনী ভাড়া করে এই হামলা করেছেন। এদের কঠোর শাস্তি চাই।’
এ ঘটনায় প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ নাসিমের ভাতিজা আজহারুল ইসলাম বাদি হয়ে মিঠাপুকুর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ শনিবার রাতেই জাহাঙ্গীর মিয়া নামে একজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ওই প্রধান শিক্ষকের হামলাকে ন্যাক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়ছে। সমিতির সভাপতি আজিজুল ইসলাম ও সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন ভিক্টর এক বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে।’
এম২৪নিউজ/আখতার