
রংপুর অফিস:
রংপুর জেলায় প্রায় পৌনে নয় লাখ আপলোড যোগ্য হোল্ডিং এর মধ্যে ৭ লাখ ৭৮ হাজার ৬৫৪টি হোল্ডিং আপলোড হয়েছে। অবশিষ্ট হোল্ডিং আপলোড কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে। একই সঙ্গে দেশের অন্যান্য বিভাগের মতো রংপুর বিভাগেও ডিজিটাল ভূমি সেবা গ্রহণ প্রক্রিয়া সহজীকরণ ও ভূমি সংক্রান্ত ভোগান্তি দূরীকরণে সরকারের নির্দেশনা বাস্তবায়নে গুরুত্ব বাড়ানো হয়েছে বলে জানিয়েছে রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা।
সোমবার (২৩ মে) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভূমি সেবা সপ্তাহের সমাপণী উপলক্ষ্যে এই সংবাদ সম্মেলন আয়োজন করে জেলা প্রশাসন।
‘ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ’ স্লগানে অনুষ্ঠিত সেবা সপ্তাহের সমাপণী দিনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা, সম্মানিত অতিথি ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার রেজাউল কবীর।
সংবাদ সম্মেলন শুরুর আগে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ ডব্লিউ এম রায়হান শাহ্। সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।
সংবাদ সম্মেলনে বলা হয়, রংপুর জেলায় অনলাইনে হোল্ডিং আপলোড কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে জেলার ৮ লাখ ৪১ হাজার ৭০৭টি আপলোড যোগ্য হোল্ডিং এর মধ্যে ৭ লাখ ৭৮ হাজার ৬৫৪টি আপলোড করা হয়েছে। অবশিষ্ট হোল্ডিং আপলোড চলমান রয়েছে।
এছাড়াও ভূমি সেবা সপ্তাহ ঘিরে জেলার শতাধিক ভূমি ও গৃহহীনদের মাঝে কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান ও ডিসিআর হস্তান্তর করা হয়েছে। এক হাজার ৩০০ জন সেবাগ্রহীতার মাঝে রেকর্ডরুমের খতিয়ান বিতরণসহ ২৭ জন সেবাগ্রহীতার মাঝে অর্পিত সম্পত্তির লীজ নবায়নের ডিসিআর বিতরণ ও ১১২ জনের মাঝে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে ৭ কোটি ৮ লাখ ৯ হাজার ৭৫৭ টাকার চেক বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত রংপুর জেলায় ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে।
এম২৪নিউজ/আখতার