
রংপুর অফিস:
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া।
বৃহস্পতিবার দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে হোসনে আরা লুৎফা ডালিয়ার পক্ষে মনোনয়নপত্র কিনেছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম। এরপরে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুর পক্ষেও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নগর উন্নয়ন ফোরাম নামে একটি সংগঠন। দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে আতাউর জামান বাবু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থানে অনড় থাকার ইঙ্গিত দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন মহানগরের সহ-সভাপতি শামীম তালুকদার, মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশীদ, নিধুরাম অধিকারী, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রাহেল, উপ-দপ্তর সম্পাদক আবু সাদাত মো. শাওন, ধর্মবিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাভলু, সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সিদ্দিকী রনি, কোতয়ালি থানা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌসী জেসমিন মালা।
রংপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম বলেন, বুধবার আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সাথে একমত। আমাদের বিশ্বাস আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী রংপুর সিটি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন।
রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুর পক্ষে মনোনয়ন সংগ্রহ করা নগর উন্নয়ন ফোরামের সদস্য সচিব ও সাবেক ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা বলেন, আমাদের নেতার জন্মস্থান রংপুর। এখানেই তার শৈশব, কৈশোর, যৌবন এবং রাজনৈতিক বেড়ে উঠা। তার ৪৪ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে তিনি এই অঞ্চলের মানুষের অধিকারের জন্য উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো প্রার্থী পরিবর্তনের জন্য। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে নিয়ে আওয়ামী লীগের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এতে রংপুরে আওয়ামী লীগ পিছিয়ে যাবে।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবু বলেন, আমি নির্বাচন করব, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি নির্বাচিত হলে যৌক্তিক দাবিগুলো আদায় করবো ইনশাআল্লাহ। আমি রংপুরের মানুষের স্বার্থে দল থেকে বহিষ্কার হতেও রাজি আছি। আমি মনে করি প্রধানমন্ত্রীকে কেউ ভুল বুঝিয়ে এই আত্মঘাতি সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
আওয়ামী লীগ মনোনীত এ্যাডভকেট হোসনে আরা লুৎফা ডালিয়া নির্বাচিত হতে পারবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উনাকে দিয়ে রংপুরের মানুষের কোনো উপকার হয়নি। তিনি যখন সংসদ সদস্য ছিলেন তখন রংপুরের একজন মানুষেরও উপকারে আসেননি।তিনিতো রংপুরের মানুষই না। আমাকে দল যদি মনোনয়ন দিতো, তাহলে রংপুরে যে কর্মসংস্থান গড়ে ওঠেনি আমি তা করার চেষ্টা করতাম।
এম২৪নিউজ/আখতার