রংপুরের সিনিয়র সাংবাদিক আফতাব হোসেন আর নেই

নিউজ ডেস্ক:

বৈশাখী টিভি’র রংপুর ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক আফতাব হোসেন আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

তিনি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে  তিনি ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে সোমবার বিকেলে রংপুর শহরের কামাল কাছনার বাসায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক আফতাব হোসেনের জানাজার নামাজ আজ বাদ আছর পীরগাছা উপজেলার নবদীগঞ্জ বাজার সংলগ্ন ঈদগাহে অনুষ্ঠিত হবে। এরপর সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আফতাব হোসেন বৈশাখী টেলিভিশনে সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে নিয়মিত সংবাদ পাঠ করতেন। তিনি সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে ছিলেন।

এর আগে রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল ও দৈনিক যুগের আলো পত্রিকায় দীর্ঘদিন বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রংপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি বিভাগীয় লেখক পরিষদ, রংপুর ও ফিরে দেখা সংগঠনের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আফতাব হোসেনের মৃত্যুতে রংপুরের সাংবাদিক মহল ও সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমেছে। রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, মাহিগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-টিসিএসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্য ও পেশাজীবী সংগঠন থেকেও শোক জানিয়েছে।

এম২৪নিউজ/আখতার

One thought on “রংপুরের সিনিয়র সাংবাদিক আফতাব হোসেন আর নেই

  1. ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

Leave a Reply