
নিউজ ডেস্ক:
অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় সব পণ্য- এমন অভিযোগে অভিযানে গিয়ে ব্যবসায়ীদের অবরোধের মুখে পড়েছেন রংপুরের এডিসি ও পাঁচ ম্যাজিস্ট্রেট।
শনিবার দুপুরে নগরীর নবাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ সময় প্রশাসনের কর্মকর্তাদের দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।
জানা গেছে, অভিযান চালিয়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীরা অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের অবরোধ করে। পরে অনির্দিষ্টকালের জন্য নবাবগঞ্জ বাজার বন্ধের ঘোষণা দিয়ে বিক্ষোভ করে তারা। দেড় ঘণ্টা পর ব্যবসায়ী নেতাদের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান এডিসি ও পাঁচ ম্যাজিস্ট্রেট।
নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন বলেন, আমরা কোনো পণ্যের দাম বৃদ্ধি করিনি। ভ্র্যাম্যমাণ আদালত অযথাই দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে। এ কারণে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছেন।
এডিসি এনামুল হক জানান, পণ্যের ক্রয় রশিদ না থাকা ও দামের সঙ্গে তালিকার মিল না থাকায় নিয়ম অনুযায়ী নবাবগঞ্জ বাজারের দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপরই ব্যবসায়ীরা একজোট হয়ে ভ্রাম্যমাণ আদালতকে অবরুদ্ধ করে ফেলে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।