রংপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে দুই বেকারিকে জরিমানা

রংপুর অফিস:

রংপুর মহানগরের বকশা নামক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে রুটি, বিস্কুটসহ অন্যান্য খাদ্যপণ্য প্রস্তুত করার অভিযোগে দুইটি বেকারিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও ক্ষতিকর কেমিক্যালযুক্ত খাদ্যপণ্য তৈরির অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (১ আগস্ট) বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, রংপুর সিটি কর্পোরেশনাধীন বকশা নামক এলাকায় অভিযান পরিচালনার সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও ক্ষতিকর কেমিক্যালযুক্ত খাদ্যপণ্য তৈরি অবস্থায় পাওয়া যায় এবং এ অপরাধে দুইটি বেকারিকে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্যের সরবরাহ নিশ্চিতকরণসহ ভেজাল খাদ্য দূর করতে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply