রংপুরে আন্দোলনে নিহত শহিদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময়

অনলাইন ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর নেতারা।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রংপুর মহানগরীর ওয়েস্টার্ন হোটেলের তৃতীয় তলায় (পিবিআই অফিস  সংলগ্ন) এ মতবিনিময় সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মাওলানা গোলাম পরোয়ার।

আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মো. আব্দুল হালিম, রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ সালাফী প্রমুখ।

জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আয়োজনে সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা এ টি এম গোলাম আযমের সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা হয় । এতে  শহিদ পরিবারের সদস্যসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি মাওলানা গোলাম পরোয়ার বলেন, জাতীয় সংগীত পরিবর্তনের দাবি জানিয়ে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আযমীর বক্তব্য তার ব্যক্তিগত, এর দায় জামায়াতে ইসলামীর না।

তিনি বলেন, আব্দুল্লাহিল আমান আযমী জামায়াতে ইসলামীর সদস্য নন। সুতরাং, তিনি জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে যা বলেছেন তা তার একান্ত ব্যক্তিগত মন্তব্য। এর ব্যাখ্যার দায় জামায়াতে ইসলামীর নয়।

তিনি আরো বলেন, দেশের বিশিষ্ট ৪৮ জন নাগরিকের দেওয়া বিবৃতিতে ‘জামায়াতে ইসলামীর আমির জাতিকে অতীতের সব কিছু ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন’ বলে উল্লেখ করা হলেও জামায়াতের আমির এ ধরনের কথা বলেননি। তাই এমন বিবৃতির কোনো প্রতিক্রিয়া দেখাবে না জামায়াত।

প্রধান অতিথি আরো বলেন, দেশের সংস্কার এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত ১৫ বছরে রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। সংবিধানের সংস্কার ও ইলেকশন কমিশনের সংস্কার করতে হবে। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে গত ১৫ বছরে দলীয়করণ হয়েছিল, সেগুলোর সংস্কার করতে হবে। গত ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করতে দীর্ঘ সময় লাগবে। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সব সংস্কার সম্ভব না হলেও নিরপেক্ষ নির্বাচন করতে যেগুলো করা দরকার, এখন তা করাই বড় চ্যালেঞ্জ। প্রয়োজনীয় সংস্কারগুলো করে একটি নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ পরিবারের সদস্যদের জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply