রংপুরে ইয়াবার চালান উদ্ধারে গিয়ে ১৫০ ভরি স্বর্ণসহ যুবক আটক

অনলাইন ডেস্ক:

রংপুরে ইয়বার চালান উদ্ধারে গিয়ে  ফয়সাল হোসেন (৩৮) নামে এক যুবককে ১৫০ ভরি ওজনের ১৫টি স্বর্ণের বারসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা।

বুধবার (৭ জুন) সকাল পৌনে ৯টার দিকে মহানগরীর কামারপাড়া ঢাকা কোচস্ট্যান্ডে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে ওই যুবককে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য অধিদফতরের রংপুর জেলার পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, ফয়সাল হোসেন মুন্সীগঞ্জ জেলা সদরের দেওভোগ মৃধাবাড়ি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

তিনি জানান, ইয়াবার চালান রংপুর থেকে ঢাকা যাচ্ছে এমন সংবাদে নগরীর কামারপাড়া ঢাকা কোচস্ট্যান্ডে অভিযান চালানো হয়। এ সময় ফয়সাল নামে এক যাত্রীর কোমর থেকে স্বর্ণের ১৫টি বার জব্দ করা হয়। ফয়সাল স্বর্ণের বারগুলো ঢাকা থেকে রংপুরে নিয়ে আসেন।

আটক ফয়সালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাকে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে বলে জানান জেলা মাদকদ্রব্য অধিদফতরের এ কর্মকর্তা। সূত্র: সময়

এম২৪নিউজ/আখতার

Leave a Reply