সাব-ইন্সপেক্টর পদে পরীক্ষা দিতে গিয়ে না ফেরার দেশে মিঠাপুকুরের ফারিজুল

নিউজ ডেস্ক ||

রংপুরে পুলিশের সাব-ইন্সপেক্টর পদে মাঠ পরীক্ষা দিতে গিয়ে প্রচন্ড দাবদাহে স্ট্রোক করে না ফেরার দেশে পারি জমালেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ফারিজুল ইসলাম।

আজ বুধবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফারিজুল ইসলাম মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের ফকিরেরহাট গিলাঝুঁকি গ্রামের সেকেন্দার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ফারিজুল ইসলামের খালাতো ভাই ফরহাদ হোসেন।

জানা যায়, পুলিশের সাব-ইন্সপেক্টর পদে মাঠ পরীক্ষা দিতে গিয়ে মাঠেই স্ট্রোক করেন ফারিজুল। এরপর সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। এর কিছু সময় পর আনুমানিক রাত ৮ টায় ২২ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি মিঠাপুকুর উপজেলার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

ফারিজুলের বন্ধু মো. মনজুরুল ইসলাম বলেন, ফারিজুলের পরীক্ষা হয় রংপুরের সরকারি কলেজের পাশে স্টেডিয়ামে। সেখানে তীব্র তাপদাহে গাছপালা কম থাকায় ফারিজুল অসুস্থ হয়ে পড়ে। এরপর হাসপাতালে ভর্তি করা হয়। তখন পুলিশ সদস্যরা তাকে সার্বিকভাবে সহযোগিতা ও দেখাশোনা করেছিলেন।

শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ বলেন, ফারিজুলের মতো একজন মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply